ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক কেনাবেচার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার বড়দাপ ঘোষপাড়া এলাকার স্বাধীন (২০) এবং রাধানগর গ্রামের আনছারুল ইসলাম (৩৮)। রায়ে স্বাধীনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আনছারুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আটোয়ারী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গাঁজাসহ ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে এই শাস্তি প্রদান করা হয়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই দুই মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। সাজা প্রদানের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, নিয়মিত এমন অভিযান চললে এলাকাকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ