বগুড়ায় জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

বগুড়ায় জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করার গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। আগামীকাল বৃহস্পতিবার এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবিদুর রহমান সোহেল বলেন, নির্বাচনের পরিবেশ সরকারি দলের প্রভাবে কলুষিত ও ভীতিকর হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। তার দাবি, অন্তত ১৬ জন প্রিজাইডিং অফিসার সরাসরি সরকারি দলের সক্রিয় পদধারী বা সমর্থক, যাদের তথ্য ও প্রমাণসহ অভিযোগ দিলেও রিটার্নিং অফিসার কোনো ব্যবস্থা নেননি। এছাড়া ১৫০টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের তালিকা চাইলেও তা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জামায়াত প্রার্থী আরও অভিযোগ করেন, মোহাম্মদ আলী হাসপাতালের সরকারি চিকিৎসক ও কর্মচারীরা প্রকাশ্যে সরকারি দলের প্রার্থীর পক্ষে মিছিলে অংশ নিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। এছাড়াও গ্রামে গ্রামে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের অপসারণ এবং ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সব ধরনের জটলা নিষিদ্ধ করার দাবি জানান।

নির্বাচন বর্জন করবেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবিদুর রহমান সোহেল বলেন, "আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় অংশগ্রহণ করেছি। এখনই ভোট বর্জনের কোনো চিন্তা নেই। আমরা চাই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাক।" সংবাদ সম্মেলনে জেলা ও শহর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা প্রমাণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন