ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গোলাম রব্বানী, জয়পুরহাট: ভোজ্যতেলের বাজারে অস্থিরতা ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে জয়পুরহাটে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে শহরের গুরুত্বপূর্ণ পাঁচুর মোড় এলাকায় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম সরদার। কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এর ফলে ভোজ্যতেল, পেট্রোল, অকটেন, ডিজেল ও এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দেওয়া হচ্ছে, যা সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বক্তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করা এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মুনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন পারভেজ এবং প্রচার সম্পাদক মোঃ গোলাম রাব্বানীসহ ক্যাবের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় সাধারণ পথচারীরাও সংহতি প্রকাশ করে বাজারে স্বচ্ছতা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জোর দাবি জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ