এমপির হস্তক্ষেপে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান

এমপির হস্তক্ষেপে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান

নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিং প্রচারণাকে কেন্দ্র করে সৃষ্ট চার গ্রামের দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধের অবসান হয়েছে। 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের বিশেষ মধ্যস্থতায় মঙ্গলবার বিকেলে উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক বিশাল শালিস বৈঠকের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হয়। হামিরদী ইউপি চেয়ারম্যান খোকন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিবাদমান পক্ষগুলো ভবিষ্যতে আর কোনো সংঘাত বা অস্ত্র প্রদর্শনীতে জড়াবে না বলে অঙ্গীকার করে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, গ্রাম্য রাজনীতি বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোনো পক্ষই আর ঢাল-সড়কি কিংবা রামদার মতো দেশীয় অস্ত্র নিয়ে শক্তি প্রদর্শন করবে না। বিবাদমান বাবর আলী ও সাধু গ্রুপ এই সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করে সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্প্রীতির প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত মুনসুরাবাদ, খাপুড়া, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের শত শত মানুষ তাদের কাছে থাকা ঢাল, রামদা, চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সংসদ সদস্যের সামনে জমা দেন। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জনসম্মুখে এসব সংঘাতের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার ও শনিবার ফুটবল খেলা কেন্দ্রিক প্রচারণাকে কেন্দ্র করে এই চার গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় চলা সেই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হন এবং বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে একজন পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশ বাদী হয়ে একটি মামলাও দায়ের করেছিল। সংসদ সদস্যের এই সাহসী ও সময়োপযোগী উদ্যোগের ফলে এলাকায় শান্তি ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা আশা করছেন, দীর্ঘদিনের এই কোন্দল মিটে যাওয়ার ফলে ভবিষ্যতে আর কোনো নিরীহ প্রাণ বা জানমালের ক্ষতি হবে না।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন