নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

মো. নুরনবী সানি, নরসিংদী: নরসিংদী সদর উপজেলার ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে গ্রিল কেটে ল্যাপটপ, প্রজেক্টর ও সিসিটিভিসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের এই বিদ্যালয়ে চুরির এ ঘটনাটি ঘটে। এমনকি কোমলমতি শিশুদের ছুটির কাজে ব্যবহৃত ঐতিহ্যবাহী পিতলের ঘণ্টাটিও নিয়ে গেছে চোরচক্র।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, চোরচক্রটি বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা শিশুদের অনলাইন ও আধুনিক পাঠদানের জন্য ব্যবহৃত মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ল্যাপটপ, এলইডি মনিটর, ৪টি সিলিং ফ্যান ও টেবিল ফ্যান চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, চুরির প্রমাণ নষ্ট করতে বিদ্যালয়ে থাকা সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে গেছে তারা। এ সময় আলমারি ভেঙে বিদ্যালয়ের জরুরি কাগজপত্র তছনছ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার জানান, বুধবার সকালে বিদ্যালয়ে এসে তারা চুরির বিষয়টি টের পান। তিনি বলেন, "আমাদের বিদ্যালয়ে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে। সরকারিভাবে দেওয়া ল্যাপটপ ও প্রজেক্টরসহ মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে শিক্ষার্থীদের আধুনিক পাঠদান করা হতো। চোরচক্র সব নিয়ে যাওয়ায় এখন পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আমাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।"

বিদ্যালয়টি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। এই ঘটনায় মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে এবং চোরচক্রকে শনাক্ত করে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন