ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে সক্রিয় একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া তিনটি ভিন্ন মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এক প্রেস ব্রিফিংয়ে এই সফল অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ সিরাজদিখান উপজেলার নিমতলা রেলস্টেশন পার্কিং এলাকা থেকে নিরব মন্ডল নামের এক যুবকের একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফিরোজ কবিরের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি বিশেষ দল তদন্তে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ মঙ্গলবার (৭ এপ্রিল) পদ্মা সেতু উত্তর থানার মাওয়া পুরাতন ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রথমে নাসির শেখ (২৫) নামের একজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা চুরি হওয়া সেই সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত নাসিরের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের ছনবাড়ি এলাকা থেকে সাগর খান (৩০) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি নম্বরবিহীন অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই মোটরসাইকেলটি গত ১৬ মার্চ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হয়েছিল। এরপর একই চক্রের সদস্য টুটুল মৃধা (৪১)-কে গ্রেফতার করে তার কাছ থেকে একটি লাল-কালো রঙের নম্বরবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া এই তৃতীয় মোটরসাইকেলটির প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করার পর সেগুলোর নাম্বার প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল। ডিবি পুলিশ জানায়, এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ