ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে মাছ বোঝাই একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে এই বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে পিকআপের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী চেকপোস্টে পৌঁছালে সন্দেহভাজন হিসেবে সেটিকে থামানো হয়। বিজিবি সদস্যরা পিকআপে থাকা মাছের ড্রামগুলো নিবিড়ভাবে তল্লাশি করার সময় ড্রামের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি ছোট-বড় পোটলা খুঁজে পান। পরে পোটলাগুলো খুলে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পিকআপের চালক মো. ফিরোজ (৩৫) ও হেলপার মো. ফয়সালকে (২০) হাতেনাতে আটক করা হয়। ফিরোজ টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের বাসিন্দা। মাদক পাচারে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করেছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, ইয়াবাগুলো টেকনাফ পৌরসভার লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই চক্রের সাথে জড়িত মূল হোতা ও অন্যান্য সরবরাহকারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ