ভালোবেসে সন্তানকে নামাজে অভ্যস্ত করার ১০টি কৌশল

ভালোবেসে সন্তানকে নামাজে অভ্যস্ত করার ১০টি কৌশল

ইসলাম ও জীবন: ঈমানের পর ইসলামে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই সন্তানকে ছোটবেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী করে তোলা মা-বাবার অন্যতম প্রধান দায়িত্ব। সন্তান যেন নামাজকে কেবল বাধ্যবাধকতা মনে না করে, বরং স্রষ্টার সঙ্গে কথা বলার মাধ্যম হিসেবে উপভোগ করে—সেজন্য অনুসরণ করতে পারেন নিচের ১০টি পরামর্শ:

১. নিজেই উদাহরণ হোন: শিশুরা অনুকরণপ্রিয়। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যখন অজু ও নামাজের প্রস্তুতি নেবেন, সন্তানও অবচেতনভাবে সেই গুরুত্বটি হৃদয়ে ধারণ করবে।

২. বয়স অনুযায়ী অভ্যস্ত করা: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সাত বছর বয়স থেকেই সন্তানদের নামাজের নির্দেশ দাও। যদিও এই বয়সে নামাজ ফরজ নয়, তবুও পরিবেশ এমন রাখা উচিত যেন তারা এর গুরুত্ব বোঝে।

৩. নির্দিষ্ট স্থান বা মুসল্লা: বাড়িতে নামাজের জন্য একটি নির্দিষ্ট স্থান বা কোণ বরাদ্দ রাখুন। এতে শিশুরা বুঝবে যে নামাজ একটি বিশেষ কাজ। জায়গাটি সবসময় পরিচ্ছন্ন রাখতে তাদের সহায়তা নিন।

৪. পুরস্কারের ব্যবস্থা: সন্তান নিয়মিত নামাজ পড়লে বা নামাজের প্রতি আগ্রহ দেখালে তাকে উৎসাহ দিতে মাঝে মাঝে ছোটখাটো পুরস্কার বা প্রিয় খাবার উপহার দিন।

৫. বয়স সাতে উৎসব: সন্তানের বয়স সাত বছর পূর্ণ হলে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। তাকে নতুন জায়নামাজ, টুপি বা হিজাব উপহার দিলে সে নামাজকে গর্বের বিষয় মনে করবে।

৬. আল্লাহর পরিচয় তুলে ধরা: আল্লাহ আমাদের কত ভালোবাসেন এবং তাঁর অসীম কুদরতের গল্প শোনান। স্রষ্টার প্রতি ভালোবাসা তৈরি হলে নামাজ পড়া তাদের জন্য সহজ হবে।

৭. রাসুল (সা.)-কে আদর্শ হিসেবে উপস্থাপন: প্রিয় নবী (সা.)-এর জীবনী ও তাঁর ইবাদতের গল্প শোনান। নবীজির প্রতি ভালোবাসা থাকলে তারা স্বতঃস্ফূর্তভাবে তাঁর মতো নামাজ পড়তে চাইবে।

৮. ধীরে ধীরে শুরু: শুরুতেই পাঁচ ওয়াক্তের চাপ না দিয়ে ধাপে ধাপে শুরু করুন। প্রথমে এক ওয়াক্ত, এরপর দুই ওয়াক্ত—এভাবে অভ্যস্ত করালে তাদের ওপর মানসিক চাপ পড়বে না।

৯. ধারাবাহিকতা বজায় রাখা: বিশেষ করে ১০ বছর বয়স হয়ে গেলে নামাজে আর কোনো ছাড় দেওয়া যাবে না। শত ব্যস্ততার মাঝেও যেন তারা নামাজ মিস না করে, সেদিকে কড়া নজর রাখতে হবে।

১০. জামাতে নামাজ পড়া: দিনে অন্তত একবার পরিবারের সবাই মিলে জামাতে নামাজ আদায়ের চেষ্টা করুন। বাবা ইমামতি করবেন এবং ছেলেকে আজান বা ইকামতের দায়িত্ব দিলে তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে।

মন্তব্য করুন