৯১ বছরের বৃদ্ধ বাবার ঠাঁই হলো জরাজীর্ণ রান্নাঘরে

৯১ বছরের বৃদ্ধ বাবার ঠাঁই হলো জরাজীর্ণ রান্নাঘরে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: যে মা-বাবা সন্তানকে আগলে বড় করেছেন, বার্ধক্যের শেষ বয়সে এসে সেই মা-বাবাকেই বাড়িছাড়া করে জরাজীর্ণ এক রান্নাঘরে ঠাঁই দিয়েছেন প্রবাসী ছেলে ও তার স্ত্রী। শুধু বাড়িছাড়া করেই ক্ষান্ত হননি, বৃদ্ধ মা-বাবাকে শায়েস্তা করতে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর উদমারা গ্রামের হাওলাদার বাড়িতে এই অমানবিক ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকর্মীদের নিকট ভুক্তভোগী বৃদ্ধ বাবা আব্দুল আলী হাওলাদার (৯১) ও মা মনতাজেন্নেছা (৮০) চোখের জল ফেলে এই অভিযোগ করেন। তাদের অভিযোগের আঙুল সৌদি আরব প্রবাসী মো. আনোয়ার (৪০) ও তার স্ত্রী জেসমিন আক্তারের দিকে।

বৃদ্ধা মা মনতাজেন্নেছা আহাজারি করে বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের ওপর অত্যাচার চলছে। একপর্যায়ে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিলে গত তিন বছর ধরে আমরা পুরোনো একটি ভাঙা রান্নাঘরে অতি কষ্টে বসবাস করছি। সেখানে এসেও আমাদের মারধর করে। মা হয়েও ছেলের বউয়ের হাতের মার খেতে হচ্ছে, এই দুঃখ কাকে বলব?"

স্থানীয় প্রতিবেশীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ৬ মাসে জেসমিন আক্তার অন্তত ৪ বার এই বৃদ্ধ দম্পতিকে মারধর করেছেন। তাদের ঠিকমতো খেতে দেওয়া হয় না এবং সবসময় অমানবিক আচরণ করা হয়। গ্রামবাসী প্রতিবাদ করলে তাদের সঙ্গেও চরম দুর্ব্যবহার করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জেসমিন আক্তারের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি।

মন্তব্য করুন