দুদকের জালে প্রযোজক শাহরিয়ার শাকিল

দুদকের জালে প্রযোজক শাহরিয়ার শাকিল

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘দম’-এর প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়াকে (শাহরিয়ার শাকিল) সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি দেশের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা।

দুদকের পরিচালক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে শাহরিয়ার শাকিলের নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। এ অবস্থায় তাকে ও তার পরিবারের অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণী আগামী ২১ কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ জানান, শাহরিয়ার শাকিলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ আরও কিছু অভিযোগের অনুসন্ধান চলছে। নির্ধারিত সময়ে তথ্য দিতে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হতে পারে।

উল্লেখ্য, এর আগে ‘তুফান’, ‘তাণ্ডব’ ও ‘দাগি’-র মতো বিগ বাজেট সিনেমা প্রযোজনা করা এই ব্যক্তির বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ তুলেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এ নিয়ে ইতিপূর্বে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রতিবাদ কর্মসূচিও পালিত হয়েছিল।

মন্তব্য করুন