দেশের বাজারে সোনা ও রুপার দামে বড় লাফ

দেশের বাজারে সোনা ও রুপার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) ও রুপার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই দুই ধাতুর দাম নতুন করে বাড়ানো হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৬ হাজার ৫৯১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ৫৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৮৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল সোনার দাম কিছুটা কমানো হলেও আজ আবার তা বড় ব্যবধানে বাড়ল। উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দামের রেকর্ড।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন