লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসীরা জানান, ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় আলী হোসেনসহ সাত-আটজনের একটি দল অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান। তাঁর সহযোগীরা পালিয়ে এলেও আলী হোসেনের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।

বিজিবি তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের ঘটনায় দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন