যুদ্ধবিরতির ঘোষণা উপেক্ষা করে ইরানে ইসরাইলের হামলা

যুদ্ধবিরতির ঘোষণা উপেক্ষা করে ইরানে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ডেডলাইনের শেষ মুহূর্তে এসে ইরান যুদ্ধে ২ সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও হামলা থেকে সরে দাঁড়ায়নি ইসরাইল; আজ ভোরে তারা নতুন করে হামলা চালিয়েছে।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি উল্লেখ করেছে, ইসরাইল নতুন করে ইরানে হামলা চালিয়েছে। তবে হামলার কারণ হিসেবে তারা দাবি করেছে যে, যুদ্ধবিরতির পরও ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের ১০ দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য ‘কাজ চলার মতো ভিত্তি’ বলে উল্লেখ করেছেন।

পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা দুই সপ্তাহ ধরে চলার কথা। তবে তার আগেই ইসরাইলের এই নতুন হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন