ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণিশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে রাতে অবস্থান করাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে শুরু হওয়া এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিআইও নূরনবী সরকার নিয়মিত অফিস সময়ের বাইরে রাতেও কার্যালয়ে অবস্থান করছিলেন। বিষয়টি নিয়ে আগে থেকেই নানা গুঞ্জন চলছিল। এরই প্রেক্ষিতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ঠাকুরগাঁও-৩ আসনের সম্ভাব্য প্রার্থী মামুনুর রশীদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী রাতে কার্যালয়ে গিয়ে কৈফিয়ত চান। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, প্রথম দফার পর মামুনুর রশীদ ও তার কর্মীরা ফিরে যাওয়ার সময় পিআইও এবং ছাত্রদলের কিছু নেতাকর্মী মিলে তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাণিশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক জানিয়েছেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ