যুদ্ধবিরতির ঘোষণা যুক্তরাষ্ট্রের 'বিজয়': হোয়াইট হাউস

যুদ্ধবিরতির ঘোষণা যুক্তরাষ্ট্রের 'বিজয়': হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে তেহরান। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভেট দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিকে মার্কিনিদের ‘বিজয়’ বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কারোলিন লিখেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়। যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনী সম্ভব করেছে।’ যুক্তরাষ্ট্রের সেনাদের অবদান সামনে এনে তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীর সফলতা সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে। যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার টিম কঠোর আলোচনায় বসতে পেরেছেন। আর সেই আলোচনার মাধ্যমেই এখন কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি হয়েছে।

এদিকে ইরান বুধবার ভোরে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ‘নীতিগতভাবে’ তাদের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এই তথ্য জানিয়েছে। এই প্রস্তাবটি একটি বড় চুক্তির জন্য আলোচনার কাঠামো হিসেবে কাজ করবে। তবে পরিকল্পনার সব বিষয় প্রকাশ্যে জানানো হয়নি।

যদিও ইসরাইল আজ ভোরেও ইরানে হামলা চালিয়েছে। দখলদার দেশটির টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে জানিয়েছে, ইসরাইল নতুন করে হামলা চালিয়েছে ইরানে। কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধবিরতির পরও ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন