ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের নৌবহর অগ্রসর হচ্ছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি আশা প্রকাশ করেন, সেটি ব্যবহার করতে হবে না। একই সঙ্গে তিনি তেহরানকে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার বিষয়ে নতুন করে সতর্ক করেন।
স্থানীয় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘একটি আমেরিকান নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’ তবে ইরানের প্রতিক্রিয়া কী হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে তেহরান তার জবাব দেবে। মানবাধিকার কর্মীদের তথ্য অনুযায়ী, ইরানে বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা ৫ হাজার ২ জনে পৌঁছেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও স্বীকার করেছেন, হাজার হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন।
ট্রাম্প বলেন, ‘ওই দিকে আমাদের অনেক জাহাজ যাচ্ছে, সব কিছুর জন্য প্রস্তুত থাকতে। আমি চাই না কিছু ঘটুক, কিন্তু আমরা তাদের খুব কাছ থেকে দেখছি।’
খবরে বলা হয়, বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনসহ একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমানঘাঁটির আশপাশে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে।
যুক্তরাজ্য জানিয়েছে, দোহার অনুরোধে কাতারে আরএএফ-এর ১২ স্কোয়াড্রনের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান পাঠানো হবে।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরানের ওপর যেকোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন এবং কঠোর জবাব দেবেন।
এর আগে ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন। তার মতে, তেহরানে সরকার পরিবর্তন নিশ্চিত করার মতো কোনো কার্যকর সামরিক বিকল্প তখন তার সামনে ছিল না।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ