বিক্ষোভে হাজারো নিহতের জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করলেন খামেনি

বিক্ষোভে হাজারো নিহতের জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করলেন খামেনি

বিক্ষোভে হাজারো নিহতের জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করলেন খামেনি

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–সংশ্লিষ্ট শক্তিগুলোর দায় রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে বিদেশি শক্তির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তুলে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টরা ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলেন, ইরানবিরোধী সর্বশেষ রাষ্ট্রদ্রোহের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন, যা আগের ঘটনাগুলোর চেয়ে ভিন্ন।

ইরানে অস্থিরতার জন্য বরাবরই বিদেশি শক্তিকে দায়ী করে আসছে দেশটির নেতৃত্ব। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং মাঠপর্যায়ে অপারেশন চালিয়েছে।

খামেনি বলেন, ইরান সীমান্তের বাইরে সংঘাত বাড়াতে চায় না। তবে দেশীয় বা আন্তর্জাতিক অপরাধীদের শাস্তি না দিয়ে ছাড় দেওয়া হবে না।

বিক্ষোভে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা সরকারিভাবে জানানো না হলেও, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, এতে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইরানের কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশ মানুষের মৃত্যুর কথা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই প্রথম ইরানের সর্বোচ্চ নেতা প্রকাশ্যে নিহতের সংখ্যা ‘হাজারের ঘরে’ বলে উল্লেখ করলেন, যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবির সঙ্গে আংশিকভাবে মিলেছে।

মন্তব্য করুন