ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় স্পষ্ট জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে যেকোনো ধরনের হামলা চালানো হলে তা ইরানের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে গণ্য করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন। পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার ওপর হামলা মানেই ইরানের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং এটি যুদ্ধের শামিল। এর বিপরীতে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।
ইরানি প্রেসিডেন্ট তার বক্তব্যে বর্তমান সংকটের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের দায়ী করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে ইরানি জনগণ যে অর্থনৈতিক সংকট ও দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, তার মূল কারণ হলো মার্কিন প্রশাসন ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা। ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো যার ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পরিবর্তনের ডাক দিয়েছিলেন। গত শনিবার ট্রাম্প পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানে আয়াতুল্লাহ আলি খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।
সাক্ষাৎকার চলাকালীন ট্রাম্পকে খামেনির এমন কিছু পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যের পরপরই তেহরান তাদের অবস্থান পরিষ্কার করল। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যা বিশ্ব রাজনীতিতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ