সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

ছবি: সংগৃহীত

সুদানের উত্তর দারফুরের আকাশ এখন ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন, বাতাসে মিশে আছে মৃত্যুর গন্ধ। এক সময়ের প্রাণচঞ্চল এল-ফাশের শহরটি আজ পরিণত হয়েছে নিস্তব্ধ কবরস্থানে—যেখানে মানুষের কান্নার শব্দও হারিয়ে গেছে।

কয়েক দিন আগেও ব্যস্ত ও জীবন্ত এই শহর এখন মৃতদেহের স্তূপে ভরে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সেই মরদেহগুলো দাফনেরও কেউ নেই।

জাতিসংঘ জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে শহরে আটকে থাকা সাধারণ মানুষ এখন চরম বিপদের মধ্যে রয়েছে। সহিংসতায় আহত অনেকে কোনো চিকিৎসা বা সহায়তা পাচ্ছে না, খোলা আকাশের নিচে পড়ে আছে তারা। এমনকি এক ফোঁটা পানিও জোটে না অনেকের ভাগ্যে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ভয়াবহ এই সহিংসতা শুরুর পর থেকে অন্তত ৩৬ হাজার মানুষ প্রাণ বাঁচাতে দারফুর ছেড়ে তাভিলা শহরে আশ্রয় নিয়েছে। কিন্তু তাভিলাতেও ইতোমধ্যেই কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে অবস্থান করছে।

গত সপ্তাহে সুদানের আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এল-ফাশের শহরের নিয়ন্ত্রণ নেয়। তাদের হামলায় কমপক্ষে ১ হাজার ৫০০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। শুধু একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬০ জন।

এই বিপর্যয়ের মধ্যে জাতিসংঘ ২০ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে। তবে মানবাধিকার কর্মীরা সতর্ক করেছেন—এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।


সকালবেলা/এস

মন্তব্য করুন