চিলিতে দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার

চিলিতে দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার

চিলিতে দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার

চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। পরিস্থিতি মারাত্মক হওয়ায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ রবিবার নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট বোরিচ জানিয়েছেন, দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি উক্ত দুটি এলাকায় সব ধরনের সহায়তা ও সম্পদ প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত সারা দেশে ২৪টি সক্রিয় দাবানলের সঙ্গে লড়াই করছিল দমকল বাহিনী। এর মধ্যে সবচেয়ে বড় আগুন নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে, যা রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

চিলির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেদ জানিয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত ২৫০টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। নিউব্লে ও বিয়োবিয়োতে প্রায় ৮,৫০০ হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং দমকলের কাজ কঠিন হচ্ছে।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, চিলির পাশাপাশি আর্জেন্টিনাতেও বছরের শুরু থেকেই তীব্র তাপপ্রবাহ ও অস্বাভাবিক গরম পরিস্থিতি দেখা যাচ্ছে। চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার পাটাগোনিয়া অঞ্চলেও ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে।

আই.এম/সকালবেলা

মন্তব্য করুন