ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের লালাখালে ঘুরতে গিয়ে পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুসআব আমীনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মুসআব আমীন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। এছাড়া তিনি স্থগিত হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদ থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে বন্ধুদের সঙ্গে লালাখাল জিরো পয়েন্ট এলাকায় ঘুরতে যান মুসআব। দুপুর ১টার দিকে নদীতে গোসলে নামলে পানির তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার তল্লাশি শেষে বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে নদীর তলদেশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুসআবকে মৃত ঘোষণা করেন।"
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রাথমিক প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মুসআব আমীনের এই আকস্মিক মৃত্যুতে তার সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ