ডিজিটাল যুগেও ‘সনাতন’ গোবিপ্রবি: শিক্ষার্থীদের ভোগান্তি তুঙ্গে

ডিজিটাল যুগেও ‘সনাতন’ গোবিপ্রবি: শিক্ষার্থীদের ভোগান্তি তুঙ্গে

মো. ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: বর্তমান বিশ্ব যখন ডিজিটালাইজেশনের শিখরে, তখন এক বিপরীত চিত্র দেখা যাচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি/গোবিপ্রবি)। নাম ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশ্ববিদ্যালয় হলেও এর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের বড় অংশই এখনও চলছে সেকেলে কাগজ-কলম নির্ভর পদ্ধতিতে। ফলে ফরম পূরণ থেকে শুরু করে ফি জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষা ফি জমা দেওয়া, ফরম পূরণ এবং হলের ছাড়পত্র (সাইন) নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখনও ম্যানুয়ালি বা সনাতন পদ্ধতিতে সম্পন্ন হয়। এর ফলে শিক্ষার্থীদের ব্যাংকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় শুধুমাত্র একটি রশিদের জন্য। এরপর হাতে লিখে ফরম পূরণ করতে গিয়ে প্রায়ই ভুল হওয়ার আশঙ্কা থাকে।

সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় হলের ছাড়পত্র নিতে গিয়ে। অনেক সময় হল প্রভোস্টরা একাডেমিক কাজে ব্যস্ত থাকায় তাদের সময়মতো পাওয়া যায় না, যার ফলে সাধারণ শিক্ষার্থীদের দিনের পর দিন অপেক্ষা করতে হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব কাজ কয়েক মিনিটেই সম্পন্ন করা সম্ভব হলেও প্রশাসনের অনাগ্রহে শিক্ষার্থীরা ডিজিটাল যুগে এসেও ‘এনালগ’ ভোগান্তি পোহাচ্ছেন।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তাওহীদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "বর্তমানে প্রায় সবকিছুই যেখানে ডিজিটাল, সেখানে পরীক্ষা ফি ও ফরম পূরণে এমন ভোগান্তি অযৌক্তিক। একটি অনলাইন স্টুডেন্ট পোর্টাল থাকলেই আমরা ঘরে বসে এসব কাজ করতে পারতাম। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েও কেন আমরা পিছিয়ে থাকব?"

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে প্রশাসন গুরুত্বের সাথে কাজ করছে। তিনি বলেন, "আমরা ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের সঙ্গে আলোচনা করেছি। আশা করছি, আগামী জুলাই মাসের মধ্যেই সব প্রক্রিয়া অনলাইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।"

শিক্ষার্থীদের দাবি, কেবল আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গোবিপ্রবিকে সত্যিকার অর্থে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক।

মন্তব্য করুন