ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রযুক্তি ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে বিভ্রান্ত করে বিপুল অর্থ আয়ের অভিযোগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মেটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রতিষ্ঠান ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ এবং ‘টেক জাস্টিস ল’ যৌথভাবে এই মামলাটি করে। মামলার অভিযোগে দাবি করা হয়েছে, মেটা তার প্ল্যাটফর্মে প্রতারণামূলক বিজ্ঞাপনের মাধ্যমে বিশাল মুনাফা অর্জন করছে, যা মূলত ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ (প্রায় ১৬ বিলিয়ন ডলার) এসেছে প্রতারণামূলক বা নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে। নথির দাবি অনুযায়ী, ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় ১৫ বিলিয়ন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছেন। আরও উদ্বেগজনক তথ্য হলো, সাধারণ ব্যবহারকারীরা প্রতারণা সংক্রান্ত যেসব বৈধ অভিযোগ মেটার কাছে দাখিল করেন, তার ৯৬ শতাংশই প্রতিষ্ঠানটি প্রত্যাখ্যান করে।
টেক জাস্টিস ল-এর অ্যাটর্নি ও ব্যবস্থাপনা পরিচালক সারাহ কে উইলি এক বিবৃতিতে বলেন, মেটা বাইরে থেকে প্রতারণা দমনের কথা বললেও প্রকৃতপক্ষে তারা প্রতারকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে। এটি কোনো সিস্টেমের দুর্বলতা নয়, বরং একটি ব্যবসায়িক মডেল যা প্রতারণার ওপর ভিত্তি করেই গড়ে তোলা হয়েছে।
তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে মেটা। প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, মেটা ধারাবাহিকভাবে প্রতারণা দমনে কাজ করছে এবং গত বছর তারা ১৫ কোটি ৯০ লাখের বেশি প্রতারণামূলক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে। এর মধ্যে ৯২ শতাংশ বিজ্ঞাপনই কোনো অভিযোগ পাওয়ার আগে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শনাক্ত করে অপসারণ করা হয়েছে। পাশাপাশি প্রতারণা চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ১ কোটি ৯০ লাখ অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে বলে দাবি করেছে মেটা। প্রতিষ্ঠানটি আদালতে এই মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ