হজের পাঁচ দিনের পূর্ণাঙ্গ রূপরেখা: নিয়ম ও আমল

হজের পাঁচ দিনের পূর্ণাঙ্গ রূপরেখা: নিয়ম ও আমল

ধর্ম ডেস্ক: হজ মৌসুমে হাজিরা মক্কা ও মদিনায় দীর্ঘ সময় অবস্থান করলেও হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মাত্র পাঁচ দিনে। মূলত ৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত এই সময়ের ধারাবাহিক আমলগুলোই হজের মূল ভিত্তি। হাজিদের জন্য এই পাঁচ দিনের সংক্ষিপ্ত রূপরেখা নিচে তুলে ধরা হলো:

৮ জিলহজ: মিনায় যাত্রা এদিন হাজিরা হজের নিয়তে ইহরাম বেঁধে মিনার উদ্দেশে রওনা হন। জোহরের আগেই মিনায় পৌঁছানো এবং সেখানে জোহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত।

৯ জিলহজ: আরাফা দিবস ও মুজদালিফা এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বা ‘ইয়াউমে আরাফা’।

  • আরাফায় অবস্থান: ফজর পড়ে হাজিরা আরাফার ময়দানে যান। জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করা হজের অন্যতম প্রধান রোকন। এখানে তওবা-ইস্তেগফার ও খুতবা শ্রবণ করতে হয়।

  • মুজদালিফায় রাতযাপন: সূর্যাস্তের পর মাগরিব না পড়েই হাজিরা মুজদালিফার দিকে রওনা হন। সেখানে গিয়ে মাগরিব ও এশা একত্রে আদায় করেন এবং খোলা আকাশের নিচে রাত যাপন করেন।

১০ জিলহজ: কোরবানি ও পাথর নিক্ষেপ এটি হাজিদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন। এদিন মূলত পাঁচটি কাজ করতে হয়: ১. মুজদালিফায় ফজরের পর কিছুক্ষণ অবস্থান করে সূর্য ওঠার আগে মিনার উদ্দেশে রওনা হওয়া। ২. শয়তানকে মারার জন্য কঙ্কর (পাথর) সংগ্রহ করা। ৩. মিনায় পৌঁছে বড় জামরায় (শয়তানকে) ৭টি পাথর নিক্ষেপ করা। ৪. পশু কোরবানি করা। ৫. মাথা মুণ্ডন বা চুল ছোট করা। এর মাধ্যমে হাজিরা ইহরাম থেকে হালাল হন।

১১ ও ১২ জিলহজ: পাথর নিক্ষেপ ও বিদায়

  • তাওয়াফে জিয়ারত: হজের সর্বশেষ ফরজ রোকন হলো তাওয়াফে জিয়ারত, যা ১০ থেকে ১২ জিলহজ সূর্যাস্তের মধ্যে সম্পন্ন করতে হয়।

  • পাথর নিক্ষেপ: ১১ ও ১২ জিলহজ প্রতিদিন ছোট, মধ্যম ও বড় জামরায় ৭টি করে মোট ২১টি পাথর নিক্ষেপ করতে হয়।

  • মিনা ত্যাগ: ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে হয়। কেউ থাকতে চাইলে ১৩ জিলহজ আবারও পাথর নিক্ষেপ করে বিদায় নিতে হয়।

বিদায়ী তাওয়াফ নিজ দেশে ফেরার আগে মক্কা ত্যাগের মুহূর্তে কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করা প্রত্যেক হাজির জন্য ওয়াজিব (মক্কার বাইরের লোকদের জন্য)।


হজের ফরজ ও ওয়াজিব একনজরে

৩টি ফরজ: ১. ইহরাম বাঁধা, ২. আরাফার ময়দানে অবস্থান এবং ৩. তাওয়াফে জিয়ারত। ৬টি ওয়াজিব: ১. সাফা-মারওয়া সাঈ করা, ২. মুজদালিফায় অবস্থান, ৩. জামরাতে পাথর নিক্ষেপ, ৪. কোরবানি করা, ৫. মাথা মুণ্ডন করা এবং ৬. বিদায়ী তাওয়াফ করা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন