ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্বাস্থ্য ডেস্ক: লেবুতে থাকা নানা পুষ্টিগুণ এবং উচ্চমাত্রার ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেরই দিনের শুরুটা হয় এক গ্লাস লেবু পানি দিয়ে। বিশেষ করে যারা ওজন কমাতে চান, তাদের কাছে এটি এক জনপ্রিয় পানীয়। সকালে খালি পেটে লেবু পানি পান করলে শরীরে কী কী ইতিবাচক প্রভাব পড়ে, তা নিয়ে ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
শরীরে লেবু পানির কার্যকারিতা:
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত সকালে এটি পানে সংক্রমণের ঝুঁকি কমে।
হজম ও পিএইচ ভারসাম্য: শরীরের পিএইচ (pH) ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সকালে লেবু পানি পান করা যেতে পারে। এটি হজমশক্তি বাড়ায় এবং শরীরের অভ্যন্তরীণ কর্মক্ষমতা সচল রাখে।
কিডনির সুরক্ষা: সকালে লেবু পানি পানে প্রস্রাবের পরিমাণ বাড়ে, যা কিডনি পরিষ্কার করতে সাহায্য করে। এতে কিডনিতে পাথর জমার ঝুঁকি অনেকটাই কমে যায়।
ওজন নিয়ন্ত্রণ: লেবু পানি শরীরের মেটাবলিজম বা বিপাক হার বাড়িয়ে দেয়। উচ্চ বিপাক হারের ফলে ক্যালরি দ্রুত খরচ হয়, যা ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে।
ত্বকের উজ্জ্বলতা: যারা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন র্যাশ বা লাল দাগে ভুগছেন, তারা হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে সতেজ রাখে।
ইউরিক অ্যাসিড ও ব্যথা নিয়ন্ত্রণ: নিয়মিত লেবু পানি পান করলে শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়। ফলে হাড়ের সংযোগস্থল বা গাঁটে গাঁটে ব্যথার সমস্যা কমে।
বিষমুক্ত শরীর: লেবু পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে দেয়। এর ফলে শরীর ঝরঝরে ও সুস্থ থাকে।
তবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, যাদের গ্যাস্ট্রিক বা পেটের আলসারের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে খালি পেটে অতিরিক্ত লেবু পানি পানে হিতে বিপরীত হতে পারে। তাই নিজের শরীরের ধরন বুঝে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই অভ্যাসটি গড়ে তোলা উচিত।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ