বগুড়ায় ট্রাক-গাঁজাসহ আটক ১

বগুড়ায় ট্রাক-গাঁজাসহ আটক ১

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সফল অভিযানে ৮০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২৮ এপ্রিল দিবাগত রাতে বগুড়া-রংপুর মহাসড়কে বালুভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম আহমেদের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে বগুড়া সদর থানার টিএমএসএস উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬) থামানোর সংকেত দেয় পুলিশ।

ট্রাকটি থামানোর পর এর চালক মো. রবিউল ইসলামকে (২৫) আটক করা হয়। রবিউল দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মামুন আকন্দের ছেলে। পরে সাক্ষীদের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন