জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা পাবে। আগামী জুলাইয়ে সারাদেশের প্রতিটি উপজেলার দুটি প্রাথমিক স্কুলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব উপহার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এসব জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের মধ্যে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ অন্যরা অংশ নেন।

এহছানুল হক মিলন বলেন, ইতোমধ্যে আমরা প্রাথমিকভাবে এক লক্ষ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা প্রদানের কমিটমেন্ট পেয়েছি বিজিএমইএর পক্ষ থেকে। প্রাথমিকভাবে এটি শুধু প্রাথমিক বিদ্যালয়ের জন্য শুরু হবে। সরকারের এ উদ্যোগের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীরাও এগিয়ে এসেছেন এবং আগামী দিনেও তারা এই সহযোগিতা করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন। চলতি বছরে এটি পাইলট আকারে শুরু হচ্ছে এবং আগামী অর্থবছরে বড় আকারে শুরু হবে। ক্রমেই প্রতিটি উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, সারা দেশে সব ছেলে শিক্ষার্থী একই রঙের ব্যাগ, জামা ও জুতা পাবে। একইভাবে সব মেয়ে শিক্ষার্থীও পাবে একই ধরনের জামা, জুতা ও ব্যাগ। এর কোনো ব্যত্যয় হবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনা করে, বই ও মিড ডে মিল পায়। এখন থেকে তারা জামা, জুতা ও পাটের তৈরি স্কুল ব্যাগও পাবে। ফলে অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পেছনে আর কোনো অর্থ ব্যয় করতে হবে না।

অনুষ্ঠানে অংশ নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, শিক্ষার্থীদের জন্য সরকারের এই মহতী উদ্যোগের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা স্কুলব্যাগ ও জুতা দেব। পরবর্তীতে স্কুলগুলোতে ইলেকট্রিক্যাল বাসও প্রদান করা হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন