ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমুদ্রতীরের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ককে চার লেনে উন্নীত করার প্রক্রিয়ায় একটি গাছও না কাটার কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। এর ফলে প্রকল্পের আওতায় থাকা প্রায় তিন হাজার ঝাউগাছ কাটা পড়ার হাত থেকে রক্ষা পেল।
কক্সবাজার শহরের কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে কলাতলী থেকে পাটুয়ারটেক পর্যন্ত ৩২ কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করার প্রাথমিক পরিকল্পনায় সড়কের দুই পাশের বিপুল সংখ্যক গাছ কাটার প্রস্তাব ছিল। কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর সময়োচিত হস্তক্ষেপে প্রকল্প বাস্তবায়নের কৌশলে আমূল পরিবর্তন আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর গত ২১ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি দল এলাকাটি পরিদর্শন করেন। পরিদর্শনে সংশ্লিষ্ট প্রকৌশলীদের গাছ বাঁচিয়ে সড়ক প্রশস্ত করার কারিগরি নকশা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়। সড়ক পরিবহনমন্ত্রী জানান, শুধু বর্তমান গাছগুলো সংরক্ষণই নয়, মেরিন ড্রাইভকে আরও পরিবেশবান্ধব করতে সড়কের দুই পাশে নতুন করে বৃক্ষরোপণ করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এই বিশাল প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পে সড়ক প্রশস্তকরণ ছাড়াও রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, রিটেইনিং ওয়াল এবং সিসি ব্লক স্থাপনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরিবেশবাদী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পরিবেশকর্মী শরীফ জামিল বলেন, বন ও সমুদ্রবেষ্টিত এই অঞ্চলে পরিবেশ রক্ষা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করাই সঠিক পথ। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে একদিকে যেমন পর্যটন শিল্পের আধুনিকায়ন হচ্ছে, অন্যদিকে প্রকৃতিও তার আপন রূপ ফিরে পাচ্ছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ