বাবরের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার

বাবরের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও নিজের চেনা ছন্দে ফিরেছেন বাবর আজম। গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচে তার রেকর্ডগড়া অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে বড় জয় তুলে নিয়েছে পেশোয়ার জালমি। এই জয়ের মাধ্যমে পিএসএলের চলতি আসরের ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

করাচিতে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পেশোয়ার জালমি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। দলের এই বিশাল পুঁজির মূল কারিগর ছিলেন অধিনায়ক বাবর আজম। মাত্র ৫৯ বলে ১০৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ১২টি চার ও ৪টি ছক্কায়। ইনিংসের শুরুতে মোহাম্মদ হারিস শক্ত ভিত গড়ে দেন এবং পরবর্তীতে কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে বাবর বড় জুটি গড়েন। শেষদিকে অ্যারন হার্ডির দ্রুতগতির ক্যামিওতে দুইশ রানের গণ্ডি অনায়াসেই পার করে পেশোয়ার।

চলতি পিএসএল আসরে এটি বাবরের দ্বিতীয় সেঞ্চুরি। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন। এছাড়া আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা এখন ১৩টি।

২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেলে ইসলামাবাদ ইউনাইটেড। পেশোয়ারের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৫১ রানেই অলআউট হয়ে যায়। ফলে ৭০ রানের বিশাল ব্যবধানে জয় পায় পেশোয়ার জালমি। ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামির মিনহাস। অধিনায়ক শাদাব খান ২৫ এবং ইমাদ ওয়াসিম ২২ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

বাবর আজমের এই রেকর্ডগড়া সেঞ্চুরি ও দলগত দাপুটে পারফরম্যান্সে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল পেশোয়ার জালমি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন