ক্রীড়া ভাতার দ্বিতীয় ধাপ: নতুন ১৭১ জন যুক্ত, ৩৬ ফুটবলারের সাথে প্রথমবার নারী হকি দলও

ক্রীড়া ভাতার দ্বিতীয় ধাপ: নতুন ১৭১ জন যুক্ত, ৩৬ ফুটবলারের সাথে প্রথমবার নারী হকি দলও

 ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং খেলাধুলাকে পেশা হিসেবে উৎসাহিত করতে সরকারের নেওয়া ‘ক্রীড়া ভাতা কর্মসূচি’র দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে নতুন করে আরও ১৭১ জন খেলোয়াড়কে ভাতার আওতায় আনা হয়েছে। এর ফলে বর্তমানে এই বিশেষ সরকারি সুবিধা পাওয়া মোট ক্রীড়াবিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে। আজ রোববার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নতুন অন্তর্ভুক্ত খেলোয়াড়দের হাতে এক লাখ টাকা করে ভাতা ও বিশেষ ক্রীড়া কার্ড তুলে দেন।

ভাতার এই দ্বিতীয় ধাপে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের মোট ৩৬ জন খেলোয়াড় স্থান পেয়েছেন। এছাড়া বড় চমক হিসেবে প্রথমবারের মতো গঠিত জাতীয় নারী হকি দলকেও এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। বিশেষ উল্লেখ্য যে, এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিতে এই হকি দলটি আজ রাতেই ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। কেবল জাতীয় দলই নয়, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া তরুণ প্রতিভাদেরও মূল্যায়ন করছে সরকার। সম্প্রতি পাকিস্তানে দক্ষিণ এশীয় আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলামকে এক লাখ টাকা করে পুরস্কার ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে।

সরকারের এই প্রকল্পের আওতায় প্রতিটি খেলোয়াড় মাসিক এক লাখ টাকা ভাতা এবং একটি ক্রীড়া কার্ড সুবিধা পাচ্ছেন। নীতিমালা অনুযায়ী, এটি কোনো স্থায়ী সুবিধা নয়; বরং প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তালিকাটি হালনাগাদ করা হবে। গত ৩০ মার্চ ১২৯ জন খেলোয়াড়কে নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় নিয়ে আসা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন