ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। আদালতের স্থিতাবস্থার নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে পাকা ইমারত নির্মাণ ও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি ও দলীয় নেতাকর্মীরা।
ভুক্তভোগী জয়নাল আবেদিন জানান, খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে তাঁর পিতার ক্রয়কৃত ১৭ শতক জমিতে তাঁরা দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করছেন। প্রতিবেশী আব্দুল খালেক হাওলাদার ও তাঁর লোকজন জমিটি দখলের চেষ্টা করলে জয়নাল আবেদিন আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার (Status Quo) নির্দেশ দিলেও তা অমান্য করে গত শুক্রবার রাতে প্রভাবশালী চক্রটি ৫টি পাকা পিলার নির্মাণ করে।
জয়নাল আবেদিনের অভিযোগ, জমি দখলের বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে আব্দুল খালেক ও তাঁর ভাড়াটে লোকজন ফেসবুকে তাঁর বিরুদ্ধে ভাঙচুরের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি তিনি ব্যক্তিগত কাজে খুলনা অবস্থানকালে তাঁর বৃদ্ধা মা ও পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
রবিবার (১৯ এপ্রিল) এই ঘটনার প্রতিবাদে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদিক শিকদার, নেতা রুবেল হাওলাদার, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলামসহ স্থানীয় গ্রামবাসী। বক্তারা অবিলম্বে ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযুক্ত আব্দুল খালেক হাওলাদার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি তাঁর নিজের জমিতেই কাজ করছেন এবং আদালত তাঁর পক্ষেই রায় দিয়েছেন।
তবে সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের এএসআই আবজাল হোসেন জানান, আদালতের নির্দেশনা উভয় পক্ষকেই মেনে চলতে হবে। আপাতত আব্দুল খালেককে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে পুনরায় আদালতের শরণাপন্ন হতে বলা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ