বিশ্ব পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম সমন্বয়: জ্বালানিমন্ত্রী

বিশ্ব পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম সমন্বয়: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: যুদ্ধকালীন বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বিভিন্ন দেশ তাদের তেলের দাম সমন্বয় করেছে, এমনকি যুক্তরাষ্ট্রও ৫ ডলার বাড়িয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আমরা যে পরিমাণ তেল আমদানি করে মজুত করেছি, সেই কেনা দরের থেকে নিচে (তুলনামূলক কমে) মূল্য সমন্বয় করেছি। তিনি আরও বলেন, আমরা এটা করতে বাধ্য হয়েছি। কেননা এটা বৈদেশিক মুদ্রায় কিনতে হয়। সেটা যাতে কিছুটা বেরিয়ে সহনীয় পর্যায়ে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি। ভর্তুকির বিষয়ে প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, এখনও ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে সুনির্দিষ্ট হিসাব জানতে হলে মন্ত্রণালয় থেকে তথ্য নিতে হবে। তিনি আরও বলেন, যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারাবিশ্বের ওপর প্রভাব পড়েছে। আমাদের ওপরও সেই প্রভাব আছে।

প্রসঙ্গত, গতকাল রোববার (১৯ এপ্রিল) বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন