ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে একটি অভিনব অ্যাপ তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন মেধাবী শিক্ষার্থী। হাসিবুল আসিফ (নৃবিজ্ঞান বিভাগ), নয়ন পাল (মার্কেটিং বিভাগ) এবং সারাফ লামইয়া (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)—এই তিনজনের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘টেস্টমিত্র এআই’ (Testmitra AI) নামক একটি স্মার্ট প্ল্যাটফর্ম। মূলত শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে সে অনুযায়ী পড়াশোনার দিকনির্দেশনা দেওয়াই এই অ্যাপের মূল বৈশিষ্ট্য।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর কোচিং ও টিউশনির অভিজ্ঞতা থেকে এই তিন শিক্ষার্থী লক্ষ্য করেন যে, অনেক শিক্ষার্থী কঠোর পরিশ্রম করেও নিজের ভুলগুলো ধরতে না পারায় কাঙ্ক্ষিত সাফল্য পায় না। এই সমস্যা সমাধানে তারা ‘কারেক্ট ইঙ্ক’ নামক মূল উদ্যোগের অধীনে ‘টেস্টমিত্র এআই’ অ্যাপটি ডেভেলপ করেন। এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা বিগত বছরের প্রশ্ন অনুশীলনের পাশাপাশি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ব্যক্তিগত পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ভুলের ধরন বুঝে একটি নির্দিষ্ট স্টাডি প্ল্যান তৈরি করে দেয়, যা প্রথাগত প্রস্তুতির চেয়ে অনেক বেশি কার্যকর।
উদ্যোক্তারা জানান, শুরুতে তারা নিজেদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য তিন মাস বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়েছিলেন। বর্তমানে এই প্ল্যাটফর্মের ব্যবহারকারী সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। হাসিবুল আসিফ প্রযুক্তি ও পরিচালনার দিকটি দেখছেন, সারাফ লামইয়া কনটেন্ট ও অর্থায়ন এবং নয়ন পাল মার্কেটিং লিড হিসেবে দায়িত্ব পালন করছেন। শুরুতে ছোট দল হিসেবে ডাটা সংগ্রহ ও প্রযুক্তিগত উন্নয়নের কাজগুলো চ্যালেঞ্জিং হলেও বর্তমানে তারা বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছেন। ভবিষ্যতে অ্যাপটিতে গেমের মাধ্যমে শেখা (গেমিফিকেশন), এক্সাম ক্যালেন্ডার এবং আরও ইন্টারেক্টিভ ফিচার যুক্ত করার লক্ষ্য রয়েছে এই তরুণ উদ্যোক্তাদের।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ