ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: "মাদককে না বলুন, মাদকমুক্ত জীবন গড়ুন"—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 'চড়িয়া মাদক ও দুর্নীতি নির্মূল কমিটি'র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের র্যাব-১২ সদর দপ্তর সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খাঁন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য। তিনি নবগঠিত কমিটিকে তৃণমূল পর্যায়ে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
চড়িয়া মাদক নির্মূল কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম হাসু’র সভাপতিত্বে অনুষ্ঠানে ১০৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে ১৯ জন কার্যনির্বাহী সদস্য এবং বাকিরা সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন: সভাপতি: মোঃ আশরাফুল ইসলাম হাসু, সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল বারি তালুকদার, সহ-সভাপতি: হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক: মাওলানা নজরুল ইসলাম, প্রচার সম্পাদক: মোঃ আরিফুল ইসলাম।
হাটিকুমরুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের চড়িয়া মধ্যপাড়া, চড়িয়া কালিবাড়ি, চড়িয়া কান্দিপাড়া, চড়িয়া কামারপাড়া এবং চড়িয়া উজির—এই ৫টি গ্রামের বাসিন্দাদের সমন্বয়ে এই বিশেষ নির্মূল কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এবং সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাকিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই কমিটির মাধ্যমে এলাকায় মাদক কেনাবেচা ও সেবন বন্ধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ