প্রধানমন্ত্রীর সফর: বগুড়ায় আইনমন্ত্রীর প্রস্তুতি পরিদর্শন

প্রধানমন্ত্রীর সফর: বগুড়ায় আইনমন্ত্রীর প্রস্তুতি পরিদর্শন

ওয়াফিক শিপলু, বগুড়া: মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন বগুড়া সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। 

শনিবার (১৮ এপ্রিল) দিনভর তিনি সফরের বিভিন্ন ভেন্যু ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আইনমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহলের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর এই সফরকে সফল ও সার্থক করতে সব ধরনের প্রস্তুতি নিখুঁতভাবে নিশ্চিত করতে হবে।" বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত এবং জনসাধারণের অংশগ্রহণ যেন নির্বিঘ্ন হয়, সেদিকে বিশেষ নজর দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রীর এই সফরকালে এক ব্যতিক্রমী ও সৌজন্যমূলক পরিবেশ তৈরি হয়। বগুড়া জেলা বিএনপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সফর সফল করতে তাঁদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রাজনৈতিক সৌজন্যবোধের এই চিত্র স্থানীয় মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

সফরকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। তাঁরা প্রস্তুতির বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে এখন পুরো বগুড়া জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি বিরাজ করছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন