ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
২০১৬ সালে রবীন্দ্র সরোবরের এক বিকেলে নিজের গিটারের তার ছিঁড়ে যাওয়ায় অন্যের কাছে হাত বাড়িয়েছিলেন এক তরুণ উদীয়মান গায়ক। কিন্তু গিটার পাওয়া তো দূরের কথা, ‘দামি গিটারে হাত দেওয়ার যোগ্যতা নেই’—এমন কটু কথা শুনে সেদিন অঝোরে কাঁদতে হয়েছিল তাকে। ঠিক ১০ বছর পর সেই একই মঞ্চে দাঁড়িয়ে অপমানের সেই স্মৃতিকে অনুপ্রেরণায় রূপান্তর করে এক অনন্য নজির স্থাপন করলেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। এবার তিনি গান গাওয়ার মাঝপথে থেমে গিয়ে নিজের ব্যবহৃত প্রিয় গিটারটিই এক ভক্তকে উপহার দিয়ে পূরণ করলেন এক দশক আগে নিজের কাছে করা এক প্রতিজ্ঞা।
তাসরিফ খান তার সেই স্মৃতিচারণ করতে গিয়ে জানান, সেদিনের সেই অপমান তাকে থামিয়ে দেয়নি, বরং তার ভেতরে এক বিরাট জেদ তৈরি করেছিল। সেই জেদ থেকেই তিনি গড়ে তোলেন ব্যান্ড দল ‘কুঁড়েঘর’ এবং ‘মধ্যবিত্ত’ শিরোনামের গানের মাধ্যমে রাতারাতি দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর একের পর এক হিট গান উপহার দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিলেও রবীন্দ্র সরোবরের সেই বিকেলের কথা তিনি কখনো ভুলতে পারেননি। গত ১০ বছরে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে পারফর্ম করলেও এবার বৈশাখ উপলক্ষে রবীন্দ্র সরোবরের সেই বিশেষ মঞ্চে গান গাওয়ার সুযোগ আসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। প্রথম গানটি গাওয়ার সময় হাজার হাজার দর্শক যখন তার সাথে গলা মেলাচ্ছিলেন, তখনই তিনি নিজের জীবনের সেই গল্পের কথা জনসমক্ষে তুলে ধরেন এবং ভক্তকে গিটারটি উপহার দেন। তাসরিফের মতে, এটি কোনো প্রতিহিংসা নয়, বরং পরিশ্রমের মাধ্যমে নিজেকে তৈরি করে সেই অপমানের জবাব দেওয়া। তিনি মনে করেন, সৃজনশীল কাজে আসা তরুণদের প্রতিবন্ধকতায় দমে না গিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলা উচিত, যাতে একদিন অপমানকারীরাই হাততালি দিতে বাধ্য হয়।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ