গাজীপুরে ধসে পড়া সড়ক পরিদর্শন: দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

গাজীপুরে ধসে পড়া সড়ক পরিদর্শন: দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় ধসে পড়া একটি সড়ক পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমান।

সোমবার দুপুরে ওই এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এই সিদ্ধান্ত নেন। সড়ক নির্মাণে প্রাথমিক তদন্তে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে ওই দুই কর্মকর্তার বরখাস্তের চিঠি হস্তান্তর করেন।

একই সঙ্গে তিনি পূর্বের সকল তদন্ত কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি নতুন কমিটি গঠন করেছেন এবং কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের টাকায় হওয়া উন্নয়ন কাজ কোনোভাবেই মানহীন হতে দেওয়া হবে না। এ ধরনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় নদীর পাড়ে নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন