ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই বেশিরভাগ পাম্পে তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না কর্তৃপক্ষ, ফলে অনেক পাম্পে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।
জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা। এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে খুঁজতে গিয়ে অনেকের গাড়ির অবশিষ্ট তেলটুকুও শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা লক্ষ্য করা গেছে। আগামী কয়েক দিন সংকট আরও বাড়তে পারে— এমন আশঙ্কায় অনেকেই বাড়তি তেল মজুত করতে চাইছেন, যা বিশৃঙ্খলাকে আরও বাড়িয়ে তুলছে।
পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় এই সাময়িক সংকট তৈরি হয়েছে। যদিও মঙ্গলবার থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হয়েছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হচ্ছে।
পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করায় স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তবে ডিপো থেকে তেল আসার পর দ্রুত সরবরাহ শুরু হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ