সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপনে বিসিবি পরিচালক আসিফ আকবর

সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপনে বিসিবি পরিচালক আসিফ আকবর

লন্ডনে কেক কেটে সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন উদযাপিত হয়েছে সুদূর লন্ডনে। মঙ্গলবার (২৪ মার্চ) বিসিবি পরিচালক আসিফ আকবর সাকিবের এই বিশেষ দিনটি কেক কেটে উদযাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন তারা। এ সময় আসিফ আকবর সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করা এই ক্রিকেটারের জন্য গত দেড় বছর ছিল নানা চড়াই-উতরাইয়ের। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় দল থেকে অনেকটা ছিটকে পড়েন তিনি। তবে বর্তমান বিসিবি ও সরকারের নীতিনির্ধারণী মহলে সাকিবের প্রত্যাবর্তনের বিষয়টি এখন সবচেয়ে আলোচিত ইস্যু।

সাকিবকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে কাজ করছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি একটি গণমাধ্যমকে বলেন, “সাকিব আল হাসানকে ঘিরে যে আইনি জটিলতা রয়েছে, তা নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বিসিবির লিগ্যাল টিমও এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।” তিনি আরও যোগ করেন যে, মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে চেষ্টা করছে যাতে অল্প সময়ের মধ্যেই সাকিবকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাকিবের নামে থাকা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সব ঠিক থাকলে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখা যেতে পারে। রাজনৈতিক কারণে দেশের বাইরে থাকলেও এ সময় সাকিব বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে নিজেকে ফিট রেখেছেন।

বিসিবি ও সরকারের এই ইতিবাচক অবস্থানের পর কোটি ভক্তের প্রত্যাশা, আইনি জটিলতা কাটিয়ে আবারও মাঠ মাতাবেন এই বাঁহাতি অলরাউন্ডার। লন্ডনে আসিফ আকবরের সাথে সাকিবের এই জন্মদিন উদযাপন সেই প্রত্যাবর্তনের পথকেই আরও প্রশস্ত করল বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন