ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা এবং মানব মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মারক সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ আহ্বান জানান। মঙ্গলবার (২৪ মার্চ) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সভায় ড. খলিলুর রহমান বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী সকল আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের সই করার বিষয়টি উল্লেখ করে বর্ণবাদ দূরীকরণে দেশের অটুট অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি মিয়ানমারের রাখাইন এবং গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের কথা তুলে ধরে বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো অনেক পিছিয়ে রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকারের সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি জাতিসংঘের মূল আদর্শের পরিপন্থী। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বৈষম্য ও অন্যায় প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের কথা উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বর্ণবাদমুক্ত বিশ্ব গড়তে শিক্ষায় বিনিয়োগ, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ