আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ও জিডি

আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ও জিডি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের বড় অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত না দিয়ে দীর্ঘ সময় ধরে তালবাহানা করার অভিযোগে মো. সালাহউদ্দিন ভূঞা নামের এক ব্যবসায়ী রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৪ মার্চ আসিফ আকবরের অনুরোধে ডা. কাজী মাজহারুল ইসলাম এবং ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে তাঁকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এই অর্থের একটি অংশ আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফের ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ নগদে দেওয়া হয়েছিল। অভিযোগকারীর দাবি, এর মধ্যে আসিফ আকবর মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিলেও অবশিষ্ট ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা অদ্যাবধি পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরত চাইলে তিনি নানাভাবে সময়ক্ষেপণ ও তালবাহানা করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তার কথা বিবেচনা করে সালাহউদ্দিন ভূঞা বিষয়টি আইনি প্রক্রিয়ায় এনেছেন। রমনা মডেল থানার এসআই প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগে ক্রীড়াঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে, গতকালই আসিফ আকবর দেশ ছেড়ে লন্ডন পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

মন্তব্য করুন