ঢাকার দুই সিটিতে নগরপিতা হতে দৌড়ঝাঁপ, আলোচনায় বিএনপির হাফ ডজন নেতা

নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন, দলের মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের জোর তৎপরতা

ঢাকার দুই সিটিতে নগরপিতা হতে দৌড়ঝাঁপ, আলোচনায় বিএনপির হাফ ডজন নেতা

 ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে জোর তৎপরতা চালাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্তত হাফ ডজন নেতা। সম্ভাব্য এসব প্রার্থীর মধ্যে সরকারের বর্তমান এক প্রতিমন্ত্রী, সাবেক মেয়র প্রার্থী, সংসদ সদস্য এবং একাধিক কেন্দ্রীয় নেতা রয়েছেন। তারা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব রয়েছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে যাওয়ায় বা গ্রেপ্তার হওয়ায় অন্তর্বর্তী সরকার প্রশাসকের মাধ্যমে সিটি করপোরেশনগুলো পরিচালনা করে। এরপর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তরে শফিকুল ইসলাম খান মিল্টন এবং দক্ষিণে আব্দুস সালামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে দ্রুতই তফসিল ঘোষণার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অন্য রাজনৈতিক শক্তির বিজয়ে চিন্তিত বিএনপির হাইকমান্ড রাজধানীর রাজনৈতিক নিয়ন্ত্রণ সুসংহত করতে দ্রুত এই নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে।

​ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন তিন প্রভাবশালী নেতা। তাদের মধ্যে সরাসরি মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। এছাড়া এই সিটিতে প্রার্থী হতে ইচ্ছুক বর্তমান প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সালাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে জোর আলোচনায় রয়েছেন গত নির্বাচনের প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। পাশাপাশি সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে পরাজিত ঢাকা উত্তর বিএনপির সাবেক সভাপতি এমএ কাইয়ুম এবং বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নামও মেয়র প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। তবে এসব সম্ভাব্য প্রার্থীরা দলের হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন