ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে মসজিদের ইমামসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে 'বড় গোষ্ঠী' ও 'বাইদ্দা গোষ্ঠী'র মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা ও নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে, যার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বাইদ্দা গোষ্ঠীর সদস্য ও বিএনপি সমর্থক জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনার পেছনে একই গ্রামের বড় গোষ্ঠীর সদস্য শিশু মিয়ার হাত রয়েছে বলে সন্দেহ করেন জিয়াউর। কারাভোগ শেষে বেরিয়ে এসে তিনি শিশু মিয়াকে মারধর করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেন। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে গত ১৭ মার্চ উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বাইদ্দা গোষ্ঠীর লোকজন পিছু হটতে বাধ্য হয়।
সেই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার সকালে প্রস্তুতি নিয়ে মাইকে ঘোষণা দিয়ে বড় গোষ্ঠীর লোকজনের বাড়িঘরে পুনরায় হামলা চালায় বাইদ্দা গোষ্ঠী। একপর্যায়ে উভয় পক্ষের এই রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হন গোয়ালনগর স্কুলপাড়া জামে মসজিদের ইমাম ও বড় গোষ্ঠীর সদস্য মাওলানা হাবিবুর রহমান (৪০)। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। প্রায় একই সময়ে চলমান এই সংঘর্ষের মধ্যে পড়ে আক্তার মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, হাসপাতালে আসা গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পূর্ববিরোধের জেরেই এই জোড়া খুনের ঘটনা ঘটেছে এবং নতুন করে সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ