শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

মাসুম বিল্লাহ, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রাম থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার কিশোরীর দেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়া মনি ওই গ্রামের আজিম শেখ ও হনুফা বেগমের মেয়ে। সে তার নানি হালিমা বেগমের বাড়িতে থেকে বড় হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রাজৈর গ্রামের রাস্তার ওপর একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিয়া মনির গলাকাটা মরদেহটি উদ্ধার করে। কিশোরীর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, "আমরা ঘটনার মোটিভ উদ্ধারে কাজ করছি। কে বা কারা এই কিশোরীকে হত্যা করে রাস্তায় ফেলে গেছে, তাদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।"

স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন