ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেফতারের খবরে তাঁর নির্বাচনী এলাকা সোনাগাজীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে আটকের খবর ছড়িয়ে পড়ার পর পরই উপজেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকা থেকে ডিবি পুলিশ কর্তৃক মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের সংবাদ পাওয়ার পর সোনাগাজী পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে স্বতঃস্ফূর্তভাবে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ১/১১-এর প্রেক্ষাপট এবং বিগত বছরগুলোতে রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে স্থানীয় বাজারে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সোনাগাজীর স্থানীয় বিএনপি নেতারা জানান, মাসুদ উদ্দিন চৌধুরীকে তারা রাজনৈতিক প্রতিহিংসার অন্যতম কুশীলব হিসেবে মনে করেন। তার গ্রেফতারের মাধ্যমে দীর্ঘদিনের ক্ষোভের প্রতিফলন ঘটেছে বলে তারা দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফেনী জেলা ও সোনাগাজী উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মীকে সন্তোষ প্রকাশ করতে এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে দেখা গেছে।
তবে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের বিষয়ে ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত বক্তব্য বা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
উল্লেখ্য, মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে ঢাকার বারিধারা থেকে গ্রেফতার হন মাসুদ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার বিকেলে আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ১/১১ সরকারের সময় অত্যন্ত প্রভাবশালী সামরিক কর্মকর্তা ছিলেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ