অবশেষে ফ্রান্স জাতীয় দলের কোচ হচ্ছেন জিদান, দায়িত্ব নেবেন ২০২৬ বিশ্বকাপের পর

১৪ বছরের দেশম-অধ্যায়ের অবসান ঘটিয়ে ফরাসি ফুটবলের নতুন যুগে প্রবেশ

অবশেষে ফ্রান্স জাতীয় দলের কোচ হচ্ছেন জিদান, দায়িত্ব নেবেন ২০২৬ বিশ্বকাপের পর

(সংগৃহীত ছবি) ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিতে যাওয়া ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্ক, ঢাকা: ফরাসি ফুটবলে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ ১৪ বছর ধরে ফ্রান্স জাতীয় ফুটবল দলের দায়িত্ব সামলানো দিদিয়ের দেশম কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে দলটির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সঙ্গে জিদানের এরই মধ্যে মৌখিক সমঝোতা সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ২০২৬ বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন ৫৩ বছর বয়সি এই সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

২০১২ সালে ফ্রান্স দলের দায়িত্ব নেওয়ার পর দিদিয়ের দেশম ফরাসি ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যান। তার অধীনেই দলটি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জয় করে এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে, দেশমের এই বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। অন্যদিকে, ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি তারকা জিদান দীর্ঘদিন ধরেই এই কাঙ্ক্ষিত দায়িত্বের জন্য অপেক্ষায় ছিলেন। ২০২১ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর তিনি আর নতুন কোনো দলের দায়িত্ব নেননি। নিজের দেশের ফুটবলের সঙ্গে গভীর সম্পর্ক এবং ক্লাব ফুটবলে ঈর্ষণীয় কোচিং সাফল্যের কারণে ফ্রান্স জাতীয় দলের জন্য তাকেই সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। শেষ পর্যন্ত জিদানের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং তার হাত ধরেই ফ্রান্স ফুটবল নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন