হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: জনমনে আতঙ্ক

হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: জনমনে আতঙ্ক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের প্রকাশ্যে অস্ত্র হাতে ভিডিও ভাইরালের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ধারালো অস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সর্বশেষ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে রবিন নামে এক কিশোর দুই হাতে দুটি রামদা নিয়ে প্রতিপক্ষকে শাসাচ্ছে। ভিডিওতে সে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দিয়ে বলে, “কিরে... ভুইলা গেছত? আমি কিন্তু ভুলি নাই। সাবধানে থাকিস—টার্গেটে কিন্তু পইরা রইছোত।” টিকটক আইডিতে পোস্ট করা এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়।

এলাকাবাসী ও সচেতন মহলের মতে, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্র প্রদর্শন, মহড়া এবং হুমকিমূলক ভিডিও নিয়মিত আপলোড করছে। এসব কিশোররা সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। প্রকাশ্যে এমন ধারালো অস্ত্র নিয়ে হুমকির ঘটনায় সাধারণ মানুষ চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো এই কিশোর গ্যাংয়ের লাগাম টেনে না ধরলে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে পারে। ভাইরাল হওয়া ভিডিওগুলোর সত্যতা যাচাই করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে কিশোরদের বিপথগামিতা রোধে অভিভাবকদের সচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারি জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন