ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘাতের ২৫তম দিনে ‘পূর্ণাঙ্গ বিজয়’ না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের মুখপাত্র আলী আবদুল্লাহি আলিয়াবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই কড়া বার্তা দেন।
ইরানের ‘খাতাম-আল আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এই কর্মকর্তা বলেন, “ইরানের অখণ্ডতা রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।” বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় ছাড় না দেওয়ার বিষয়ে সতর্ক করতেই সামরিক বাহিনীর পক্ষ থেকে এই অনড় অবস্থান জানানো হয়েছে।
মঙ্গলবারও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। পাল্টা জবাবে ইসরায়েলও ইরানের সরকারি স্থাপনা ও সেনাবাহিনীর ওপর হামলা চালানোর দাবি করেছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালোভাবেই’ চলছে। তবে ইরানের শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। তাঁদের মতে, যুদ্ধ বন্ধের জন্য বর্তমানে কোনো আলোচনা সচল নেই।
সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি জানিয়েছেন, সংশ্লিষ্ট সব পক্ষ সম্মত থাকলে ইসলামাবাদ আলোচনার আয়োজন করতে প্রস্তুত। ইতোমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হতে পারে।
সূত্র: আল জাজিরা, এএফপি।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ