ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রূপম চাকমা, দিঘীনালা: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বিঝুমেলা। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট উলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২ দিনব্যাপী এই বিঝুমেলার শুভ উদ্বোধন করেন। পাহাড়ি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত এই মেলাকে কেন্দ্র করে পুরো সাজেক এলাকায় এখন সাজ সাজ রব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইহাট ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবধি চাকমা, সাবেক উজো বাজারের সভাপতি জ্যোতি লাল চাকমা, রেটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী কুমার চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলার প্রথম দিনেই ঐতিহ্যবাহী নৃত্য, পাহাড়ি গান ও বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা হয়। মেলার বিভিন্ন স্টলে পাহাড়ের ঐতিহ্যবাহী হস্তশিল্প, কোমর তাঁতের পোশাক এবং স্থানীয় পাহাড়ি খাবারের পসরা সাজানো হয়েছে। উদ্বোধনী দিনে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে উলুছড়া যুব সংঘ ৪-১ গোলে দাড়িপাড়া যুব সংঘকে পরাজিত করে জয়লাভ করে।
বিঝু মেলার আহ্বায়ক রিপণ চাকমা জানান, মেলার মূল লক্ষ্য হলো পাহাড়ি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে সহায়তা করা। আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও নানা বিনোদনমূলক আয়োজন থাকবে।
সাজেক পর্যটন কেন্দ্রের কাছাকাছি এই মেলার আয়োজন হওয়ায় পর্যটকদের মাঝেও বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ