প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন আইএমএফ পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে তারা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার কর্মসূচি এবং আইএমএফের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। আইএমএফ প্রতিনিধি দলটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তাদের অব্যাহত সমর্থনের আশ্বাস প্রদান করেন।

এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র একটি গণমাধ্যমকে জানায়, নতুন সরকারের অধীনে নেওয়া অর্থনৈতিক সংস্কার পদক্ষেপগুলোর বিষয়ে আইএমএফ পরিচালক সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রিজার্ভ পরিস্থিতি উন্নয়নে সরকারের প্রচেষ্টাকে তারা ইতিবাচকভাবে দেখছেন।

এর আগে কৃষ্ণা শ্রীনিবাসনের নেতৃত্বে আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছালে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের স্বাগত জানান। আজকের এই সাক্ষাৎকে দেশের অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন